বুধবার, ২৩ জুন, ২০১০

সূর্যগ্রহণ কিংবা আলোকময়তার দিনগুলো- ৭


স্বপ্নকাতর

স্বপ্নটা কবে থেকে যে নিজেরই অজান্তে মনের শূণ্য গহ্বরে জিইয়ে রেখেছি, মনে পড়েনা। টলটলে স্বচ্ছ মনটা বাস্তবতার প্রখরতায় শুকিয়ে আসবার আগেই হয়ত এর অঙ্কুরোদগম।


মনে হচ্ছিল অনন্তকাল ধরে শুনছি সমুদ্রের গুরুগম্ভীর কথপোকথন
গা ছুয়ে ছুয়ে যাচ্ছে তার আকুল নিঃশ্বাস
যেন ইচ্ছার বিরুদ্ধে ধীরে দু'চোখ মেললাম
একি শ্বাসরুদ্ধকর দৃশ্য! পক্ষাঘাতগ্রস্ত রোগীর মত আমার
স্নায়ুগুলো যেন অবশ হয়ে আসছে।
আমার পায়ের কাছে সফেন সমুদ্র অপরাজেয় গৌরবে বারবার
ছুটে আসছে, ব্যর্থ আর্তনাদ বাতাসে ছড়িয়ে দিয়ে পিছিয়ে যাচ্ছে আবার,
বিপুল আক্রোশে ছুটে আসার প্রস্তুতি নিতে।
ফিকে নীল ঢেউগুলোর মুকুট ছুঁয়ে উড়ে যাচ্ছে এক নিঃসঙ্গ সীগাল।
কি সুন্দর, কি অসহ্য সুন্দর!
সময় যেন এখানে স্থির অপেক্ষার সূক্ষ্ণ অভিমানে দ্রবীভূত।পিছনে ফিরে দেখি বহুদূরে পৃথিবীর সীমান্ত;
আমার সামনে অতলান্তিক সমুদ্রের অস্থিরতা
পেছনে ক্লান্তির কুয়াশায় আচ্ছন্ন মৃতপ্রায় পৃথিবী
আর পাশে...স্তব্ধ শূণ্যতা।
অন্ধকার হয়ে আসছে
আর এরই মাঝে আমি সামনে তাকিয়ে জ্বলজ্বলে চোখে।
অপেক্ষার শীতল আগুনে ঝলসে ওঠা চোখ।
~~~
এর বহুবছর পরে-
পুরনো বিছানাটায় পুরনো তোমার পাশে শুয়ে
নতুন করে সে স্বপ্ন দেখা।
নতুন কোথায়! 
অবাক হই দেখে এত বছরেও স্বপ্নটার এতটুকু পরিবর্তন হয়নি।
সেই অস্থির ফেনিল সমুদ্র
নিঃসঙ্গ গাঙচিলের উদ্দেশ্যহীন উড়াউড়ি
আর সেই আমি।
জ্বলজ্বলে চোখে সমুদ্রের দিকে তাকিয়ে থাকা অনড় আমি,
অপেক্ষার শীতল আগুনে ঝলসে ওঠা সে চোখ।


~~~
১৪।১২।'০৪
ঢাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন