সোমবার, ৩১ মে, ২০১০

সূর্যগ্রহণ কিংবা আলোকময়তার দিনগুলো- ৩

অর্থহীন

আকাশের শোকের চেয়ে পাইপের পানির দাপটই বেশি
কিছুক্ষণের শোকে মূহ্যমান প্রকৃতির বিহ্বলতার রং কেটে যাচ্ছে
ধীরে ধীরে...
ভেতরের পাক খাওয়া অর্থহীন ঘোরের সাথে, নীর্গ্রন্থ অস্থিরতার সাথে



ঝেঁপে আসুক আজ বৃষ্টি, নির্ঝরে কাঁদুক আজ আকাশ
ভেসে যাক সব,
তোমার আমার নীরন্ধ্র ক্লান্তিতে ডোবানো চুপচুপে দিনগুলো
মুছে যাক মনের গায়ের স্মৃতির আঁচড়,
শত বছরের অবসাদে টালমাটাল সন্ধ্যে
অর্থহীন সাধে জিইয়ে রাখা স্বপ্নগুলোর অকৃতজ্ঞ প্রতিদান,
অদৃশ্য ক্ষতগুলোতে জমে ওঠা এক মহাকালের অদেয় শূণ্যতা
- ভেসে যাক অতীতের পিছুডাক, ভবিষ্যতের মরীচিকা--
আজ এখানে রিক্ত হয়ে কিছু মুহূর্ত কাটাতে দাও আমায়--

নীলাভ্র নিংড়ানো নীল আবেগে অঙ্কুরিত নীলোতপল
কট্টর রোদে নিস্তেজ হয়ে ঢলে পড়ে আবার,
তেমনি ঢলে পড়ব।

----

২৭।৮।'০৪
ঢাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন